ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কয়েকজন শ্রমজীবী ও ব্যবসায়ী ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকটি সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে যায়।
দুর্ঘটনায় ট্রাকে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামের বাসিন্দা। তারা সবাই পেশায় চুল ব্যবসায়ী ছিলেন। কর্মস্থল থেকে ঈদ উদযাপনের জন্য একসঙ্গে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন।
একসঙ্গে এতজনের মৃত্যুর খবরে বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোঃ সোহাগ আকন্দ, নওগাঁ জেলা প্রতিনিধি : 













