কিশোর অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁয় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মুসলেকার মাধ্যমে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
এ সময় অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। আটক মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারা দেশের মতো নওগাঁতেও কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালানোর সুযোগ দেওয়া উচিত নয়। এতে দুর্ঘটনার পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, নওগাঁ জেলার কোথাও কিশোর অপরাধ, ইভটিজিং বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-১২৩৫০১ অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে তথ্য কিংবা ছবি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।