প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যারা ওই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য কাজ চলছে। যাদের ওই সময়ের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব হবে না, তাদের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। যথাযথভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্টদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিয়েছে। অনেকের ভেরিফিকেশন সম্পন্ন হয়নি এবং কেউ কেউ ঠিকানা পরিবর্তন করেছেন। এসব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যায়ক্রমে সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যাদের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং রিভিউ করা হচ্ছে। ভেরিফিকেশন ও ঠিকানা-সংক্রান্ত বিষয়গুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে। এ কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।