নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর প্রায় ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর দুজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, নিহত দম্পতির ছেলে নেশা ও জুয়ায় আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের কাছে অর্থ চাইতেন। টাকা না পেয়ে খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদের হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের সন্দেহ। ঘটনার পর থেকেই ছেলে মুক্তার হোসেন পলাতক রয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের মাধ্যমে বিষাক্ত কিছু খাইয়ে তাদের মৃত্যু ঘটানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ছেলেকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।