নওগাঁ জেলা পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (২১ জুন) সকালে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার, জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন।
নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের নিয়োগ কার্যক্রম মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। যোগ্য, দক্ষ ও দেশসেবায় নিবেদিতপ্রাণ তরুণ-তরুণীদের বাংলাদেশ পুলিশের গৌরবময় বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।