নওগাঁ জেলার রানীনগর-আত্রাইগামী আঞ্চলিক সড়কের গোনা মোড় এলাকায় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ফয়সাল হোসেন (২১), পিতা: মোঃ সেন্টু হোসেন (ভ্যানচালক), সাং: উত্তর সর্দারপাড়া, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ; মোঃ সানা মন্ডল (২২), পিতা: মোঃ ফিরোজ মন্ডল এবং মোঃ রাব্বি হাসান (১৯), পিতা: মোঃ মসিদুল ইসলাম। সানা মন্ডল ও রাব্বি হাসানের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানার ছাতিয়ান গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনার সময় তিনজনকে আটক করা হয়। তবে এ সময় তাদের কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ধারালো চাকু, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো এক্সট্রিম ১২৫ মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রানীনগর থানায় মামলা নং-০৮, তারিখ ২০ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।