নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনএজ সাইবার ক্রাইম প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদকবিরোধী সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।
বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন পুলিশ সুপার। তিনি বলেন, সামান্য অসচেতনতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সাইবার অপরাধ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। এছাড়া পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধ ও অনলাইন হয়রানি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের সাইবার হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ অনুষ্ঠানে তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। তারা বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইনবিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।
সভা শেষে পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক, আইন-মান্যকারী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।