ধামইরহাট উপজেলার এক তরুণীর নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম থানায় অভিযোগ করেন যে, তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনাটি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
পরে ধামইরহাট থানার একটি বিশেষ আভিযানিক দল গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, মোবাইল ফোনে মামলার ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আরও তিন নারীর (ছদ্মনাম রুমা, নিপা ও হালিমা) অশ্লীল ছবি ও ভিডিওও উদ্ধার করা হয়েছে। এমনকি তার স্ত্রীর ব্যক্তিগত ভিডিওও মোবাইলে সংরক্ষিত ছিল বলে তদন্তে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তরুণীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করত এবং সেগুলো ব্যবহার করে ভিকটিমদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে পর্নোগ্রাফি, অনলাইন হয়রানি এবং সাইবার অপরাধের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।