নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (৬৫) ওই গ্রামের মৃত মেহের আলী শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। রোববার সকালে হায়দার আলী শাহ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রসহ বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে আব্দুল হামিদকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখলের উদ্দেশ্যে হায়দার আলী ও তাঁর সহযোগীরা সেখানে হালচাষ করতে যান। বিষয়টি জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু ঘটে।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০) নামে চারজনকে আটক করেছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনাস্থল থেকে আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করেছে।