নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাফুজার রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনামিকা নজরুল, মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দুগ্ধ খামারিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুধ থেকে বিভিন্ন বায়ো-প্রোডাক্ট উৎপাদনের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দুগ্ধ খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নওগাঁর দুগ্ধ খামারিদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে জেলায় মিল্কভিটার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা দুগ্ধ শিল্পের উন্নয়ন, নারী খামারিদের ক্ষমতায়ন এবং নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার খামারি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন অংশগ্রহণ করেন।